
ফের ভয়াবহ পথ দুর্ঘটনা যশোর রোডে। স্কুটিতে চেপে যাওয়ার সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাকে কেন্দ্র করে মধ্যমগ্রাম জুডিও মলের সামনে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার রাতে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন সোমেন পাল নামে এক যুবক। সঙ্গে ছিলেন স্ত্রী ও শিশু। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সেই সময় পাশ দিয়ে আসা একটি ডাম্পার স্কুটিতে ধাক্কা মারলে নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। অভিযোগ, তখনই ডাম্পারের চাকায় ওই ব্যক্তির দেহ আটকে যায় এবং পরে প্রায় ৩০০-৪০০ মিটার তাঁকে হিঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পরে ডাম্পারটিকে আটক করে মধ্যমগ্রাম থানার পুলিশ। পরে যুবকের দেহ উদ্ধার করে বারাসত হাসপাতালে ময়নাতদন্তের জন্য এবং মহিলা ও শিশুকে উদ্ধার করে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, সুখিয়া থেকে শিলিগুড়িগামী একটি গাড়ি রাস্তা নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। ঘটনাটি ঘটেছে মিরিক থানার অন্তর্ভুক্ত গয়াবাড়িতে। স্থানীয়রা আহত ও নিহতদের দুঘটনাগ্রস্থ গাড়ীটি থেকে উদ্ধার করে। তদন্ত শুরু করেছে পুলিশ।
