রাস্তায় ধস, নেপালে বিপর্যয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে 

0
217
নেপালের বন্যায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০০-র বেশি গণ্ডি। মৃত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
রাজধানী কাঠমান্ডুর কাছে বাগমতি নদী এবং তার উপনদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইছে। কোথাও কোথাও নদীর জল দু’কূল ছাপিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। তাতে ভেসে গিয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি এবং অনেক গাড়ি। কাঠমান্ডুতে হাইওয়েতে ধস নেমে একসঙ্গে ৩৫ জনের মৃত্যু হয়েছে রবিবার।নেপাল প্রশাসন সূত্রে খবর, কাঠমান্ডুর দক্ষিণ অংশে একটি হাইওয়েতে রবিবার ধস নামে। ওই সময় ওই রাস্তায় তিনটি যাত্রিবাহী গাড়ি ছিল। ধসে সেগুলি চাপা পড়ে যায়। ওই তিন গাড়িতে থাকা মোট ৩৫ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজে নামানো হয়েছে তিন হাজারের বেশি নিরাপত্তাকর্মীকে। হেলিকপ্টার এবং মোটরবোটের মাধ্যমে বিচ্ছিন্ন এলাকায় পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছেন তাঁরা। পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণসামগ্রীও। বৃষ্টি এবং মুহূর্মুহু ধসের কারণে রাজধানী কাঠমান্ডু নেপালের বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপর্যয়ে আটকে পড়েছেন অনেক পর্যটকও।