
বিশ্ব সাইকেল দিবস উপলক্ষ্যে কলকাতা সহ রাজ্যজুড়ে কর্মসূচি পালিত করেছে প্রশাসন। নিউটাউন ইকো পার্কে রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করেছে পঞ্চায়েত দফতর। সেখানে সস্ত্রীক সাইকেল চালিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।
এছাড়াও যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে জেলা, মহকুমা ও ব্লকস্তরে সাইকেল র্যালির মাধ্যমে মানুষের কাছে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। এই কর্মকাণ্ডের জন্য রাজ্য সরকার ১ কোটি ১৯ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ করেছে। এই কর্মসূচিতে স্থানীয় ক্রীড়াপ্রেমী, স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এলাকার জনপ্রতিনিধি ছাড়াও অনুষ্ঠানে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, এনএসএস-এনসিসি স্বেচ্ছাসেবক, ক্রীড়াবিদ, সরকারি কর্মচারী, স্থানীয় বাসিন্দা এবং সাইক্লিং অনুরাগীদের যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের সর্বত্রই সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলেছে এই অনুষ্ঠান।
