
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৪টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণা করেছেন। গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে আছে সংসদীয় আসনের সীমানা নিধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা।
ইসি আগেই জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। আর তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে। কর্মপরিকল্পনায় গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী আইনবিধি সংস্কার, দল নিবন্ধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র স্থাপন, পোস্টাল ভোটিং, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, দেশি-বিদেশি সাংবাদিক অনুমোদন, ইত্যাদি। ইতিমধ্যে ভোটার তালিকার দ্বিতীয় পর্যায়ের সম্পূর্ণ খসড়া প্রকাশ করা হয়েছে, যা চূড়ান্ত করা হবে ৩১ অগাস্ট।
আর ৩১ অক্টোবরের সম্পূর্ণ তালিকা শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর। পোস্টাল ভোটিং ও ব্যালটের জন্য প্রকল্প অনুমোদন, সফটওয়্যার চূড়ান্ত, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, নিবন্ধন ও ট্র্যাকিং মডিউল অক্টোবরে সম্পন্ন হবে। বিদেশে নভেম্বরে ব্যালট পেপার পাঠানো। কারাবন্দীদের ভোটের দু সপ্তাহ আগে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।
