চম্পাহাটিতে গয়নার দোকানে ডাকাতি, বাধা পেয়ে কর্মচারীকে কোপ

0
191
ছবি সৌজন্যে : নিজস্ব

দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে জুয়েলারি হাউসে ৪০ লাখ টাকা ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন এক কর্মচারী। জানা গিয়েছে দুটি বাইকে করে চম্পাহাটি গোল্ড জুয়েলারি হাউসে দুপুরে হানা দেয় ৩ জন ডাকাত।

এদের প্রত্যেকের মুখে হেলমেট ছিল। দোকান মালিক অজয় মণ্ডল তখন বাড়িতে খেতে গিয়েছিলেন। সেই সময় দোকানে ঢুকে লুঠপাট চালাতে থাকে ডাকাতদল। বাধা দিতে গেলে ডাকাতদের চপারের আঘাতে গুরুতর জখম হন কর্মচারী শম্ভুনাথ চৌধুরি। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রায় ৪০ লাখ টাকার গয়না, টাকা নিয়ে পালায় ডাকাতদল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ডাকাতদলকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। ২০২১-এও এই দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল।