
অস্কারজয়ী পরিচালক ও চিত্রনাট্যকার রবার্ট বেন্টন মারা গেছেন। নিউইয়র্ক শহরের নিজের বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন হলিউডের স্বর্ণযুগের অন্যতম প্রভাবশালী এই চলচ্চিত্র নির্মাতা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ১৯৬০-এর দশকে এসকোয়ার ম্যাগাজিনের আর্ট ডিরেক্টর হিসেবে কর্মজীবন শুরু করা বেন্টন প্রথমে লেখক হিসেবে পরিচিত হন। ফরাসি নিউ ওয়েভ সিনেমা ও আমেরিকার গ্যাংস্টার ইতিহাসের প্রেমে পড়ে তিনি ডেভিড নিউম্যানের সঙ্গে মিলে রচনা করেন বনি অ্যান্ড ক্লাইড-এর কাহিনি।এই ছবির মাধ্যমে ১৯৬৭ সালে হলিউডে নতুন ধারার সূচনা ঘটে। বেন্টন ও নিউম্যানের চিত্রনাট্যে এক সময়ের নিষিদ্ধ গল্পগুলো উঠে আসে সাহসীভাবে।থমিকভাবে সমালোচনার মুখে পড়ে, ছবিটি পরে কালজয়ী ক্লাসিকে পরিণত হয়।১৯৭৯ সালে বেন্টনের লেখা ও পরিচালিত ক্রেমার ভার্সেস ক্রেমার তাকে এনে দেয় সেরা চিত্রনাট্য,সেরা পরিচালনা ও সেরা চলচ্চিত্রের অস্কার।পরবর্তী সময়ে প্লেসেস ইন দ্য হার্ট-এর জন্যও তিনি চিত্রনাট্য বিভাগে পুরস্কার জেতেন। ডাস্টিন হফম্যান, মেরিল স্ট্রিপ ও স্যালি ফিল্ডের মতো কিংবদন্তি অভিনেতারা বেন্টনের পরিচালনায় সেরা পারফরম্যান্স দেন।
চলচ্চিত্রের ইতিহাসে বনি অ্যান্ড ক্লাইড এবং ক্রেমার ভার্সেস ক্রেমার-এর মতো বিপ্লবী ও সংবেদনশীল ছবির নির্মাতা হিসেবে খ্যাত বেন্টনের প্রস্থান বিশ্ব সিনেমায় এক গভীর শূন্যতা তৈরি করেছে। বিশ্ব চলচ্চিত্রে রবার্ট বেন্টনের নাম চিরকাল স্মরণীয় থাকবে।









