
তেলেঙ্গানার সুড়ঙ্গ থেকে শ্রমিক-সহ আট জনকে উদ্ধার করতে এবার রোবটের ব্যবহার করছে উদ্ধারকারী দল। এর আগে সুড়ঙ্গের মধ্যে অনুসন্ধানে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পাঠানো হয়েছে। এ বার তাদের সঙ্গে যোগ দিয়েছে বিশেষ রোবটও। ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা নাগাদ তেলেঙ্গানার ৪৪ কিলোমিটার দীর্ঘ শ্রীশৈলম সুড়ঙ্গের একাংশ আচমকাই ধসে পড়ে। সাড়ে ১৩ কিলোমিটার ভিতরে আটকে পড়েন শ্রমিক এবং ইঞ্জিনিয়ারেরা।
কী ভাবে তাঁদের ওই অন্ধকার সুড়ঙ্গ থেকে বার করে আনা যায়, সেই পরিকল্পনাই করছে উদ্ধারকারী দল। নানা পন্থা অবলম্বন করা হচ্ছে। কখনও সুড়ঙ্গে বিশেষ যন্ত্র দিয়ে খোঁড়ার কাজ চলছে, কখনও আবার উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে র্যাটহোল মাইনার’দেরও। কিন্তু কোনও কিছুতেই সাফল্য পাচ্ছেন না উদ্ধারকারীরা। শ্রমিকদের আটকে থাকা অংশ থেকে মাত্র ৪০ ফুট দূরেই থমকে আছে উদ্ধারকাজ।
১২টি উদ্ধারকারী দলের মোট ৭০০ জন সদস্য উদ্ধারকাজে নেমেছেন। পাম্প দিয়ে জল বার করা হচ্ছে। কিন্তু তার পরেও বিশেষ সুবিধা করতে পারছেন না উদ্ধারকারীরা।







