
এক ব্যক্তি দুই পা ভাঁজ করে বিছানায় চিৎ হয়ে শুয়ে আছেন। তাঁর দিকে ঝুঁকে আছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরিচালিত একটি রোবট। সেটির একটি হাত ওই ব্যক্তির হাঁটুতে, আরেকটি তাঁর কাঁধে। এভাবে ধরে ব্যক্তিটিকে বিছানায় কাত করিয়ে দেয় রোবটটি। সম্প্রতি জাপানের টোকিওতে এমন দৃশ্য দেখা গেছে।সাধারণত চলাচলে অক্ষম বয়স্ক মানুষের ডায়াপার পরিবর্তন বা শরীরের যত্ন নিশ্চিত করতে কাত করানোর জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয়।
মানবাকৃতির এ রোবটের নাম দেওয়া হয়েছে এআইআরইসি বা, এআই ড্রাইভেন রোবট অব এমব্রেস অ্যান্ড কেয়ার। ১৫০ কেজি ওজনের এ রোবট ভবিষ্যতে জাপানে বয়স্কদের পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। কারণ, জাপানে বয়স্ক মানুষের সংখ্যা ক্রমশ বাড়লেও পরিচর্যাকারী কর্মীর সংকট তীব্র হচ্ছে।এআইআরইসি নির্মাণের গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিগেকি সুগানো।এ প্রকল্পে তহবিল দিয়েছে জাপান সরকার। উল্লেখ্য,জাপানে ১৯৪৭-১৯৪৯ সালের মধ্যে জন্ম নেওয়া প্রজন্মের সবাই গত বছর ৭৫ বছর বয়সী হয়েছে।
ফলে বয়স্কদের যত্ন ও পরিচর্যা খাতে কর্মীর সংকট তীব্র আকার ধারণ করেছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২০২৪ সালে টানা নবম বছরের মতো দেশটির জন্মহার কমেছে। ৫ শতাংশ কমে এটি ৭ লাখ ২০ হাজার ৯৮৮-এ নেমে এসেছে, যা রেকর্ড সর্বনিম্ন। অন্যদিকে,জাপানের হেলথ সার্ভিস সেক্টরে কর্মী হিসেবে যোগদানে আগ্রহী মানুষের সংখ্যাও কমছে। ফলে বিদেশি কর্মীদের দিয়ে এ শূন্যতা পূরণের চেষ্টা করা হচ্ছে, তবে তা প্রয়োজনের তুলনায় মাত্র ৩ শতাংশ।








