
এ বছর ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীত ৩০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের আধিক্যই বেশি। গত সিজনে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতা ক্লাবটি থেকে মনোনীত ব্যক্তিদের তালিকায় জায়গা পেয়েছেন সর্বোচ্চ ৭ জন।
তবে সেখানে নাম নেই রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর।অথচ রিয়ালকে গত সিজনে ৩টি ট্রফি জেতাতে অন্য সতীর্থদের মতো রদ্রিগোরও অবদান কম নয়। ২৩ বছর বয়সী ফুটবলার রদ্রিগো ২০২৩–২৪ সিজনে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে করেছেন ১৭ গোল, গোলে সহায়তা ৯টি। কিন্তু তাঁর এই দারুণ পারফরম্যান্সও ব্যালন ডি’অরে মনোনীত হওয়ার জন্য যথেষ্ট হয়নি।এদিকে রদ্রিগোকে ব্যালন ডি’অরের শীর্ষ ৩০ জনের তালিকায় না দেখে ব্রাজিলের অনেকেই হতাশা প্রকাশ করেছেন। নেইমার যেমন বলেছেন, তিনি তাঁর জাতীয় দলের সতীর্থ রদ্রিগোকে শীর্ষ পাঁচে দেখেন।এবার বিষয়টি নিয়ে রদ্রিগো নিজেই তাঁর অনুভূতির কথা জানিয়েছেন। ইএসপিএনকে তিনি হতাশা নিয়ে বলেছেন, তাঁর মন খারাপ হয়েছিল। মনে করেন, এটা তাঁর প্রাপ্য ছিল। ৩০ জনের তালিকায় থাকা খেলোয়াড়দের ছোট করতে চান না। কিন্তু ব্যালন ডি’অর পুরস্কারে তাঁর জায়গা হতে পারত। এটা তাঁর জন্য বিস্ময়কর ব্যাপার ছিল,কিন্তু এটা নিয়ে তাঁর তেমন কিছু করার নেই, এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার তিনি কেউ নন,বলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।উল্লেখ্য,দলের প্রয়োজনে আক্রমণভাগের যেকোনো পজিশনে মানিয়ে নিতে পারেন রদ্রিগো। সেন্টার ফরোয়ার্ড কিংবা রাইট উইং,দুই ভূমিকাতেই সাফল্য পেয়েছেন। গতি, পাসিং, ড্রিবলিং, ফিনিশিংয়েও বেশ দক্ষ।




