
হামেস রদ্রিগেস,স্প্যানিশ ক্লাব রায়ো ভাইয়েকানো ছেড়ে খুঁজে নিয়েছেন নতুন ঠিকানা। মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাব লেওনে যোগ দিয়েছেন কলম্বিয়ার তারকা ফুটবলার।
ফ্রি ট্রান্সফারে আটবারের মেক্সিকান চ্যাম্পিয়ন লেওনে যাচ্ছেন রদ্রিগেস। তার দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে ভাইয়েকানো ও লেওন। চুক্তির আর্থিক কোনো বিষয় পরিষ্কার করেনি কোনো ক্লাব। খবর, রদ্রিগেসের সঙ্গে এক বছরের চুক্তি করেছে লেওন। সুযোগ রাখা হয়েছে আরেক সিজন মেয়াদ বাড়ানোর। বস্তুত ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কোনো ক্লাবেই থিতু হতে পারছেন না ৩৩ বছর বয়সী রদ্রিগেস।২০২৪ কোপা আমেরিকায় দুর্দান্ত পারফরম্যান্সের পর জুলাইয়ে ভাইয়েকানোরয় যোগ দেন তিনি। চুক্তি হয় এক বছরের, আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়।কিন্তু পাঁচ মাসেই স্প্যানিশ ক্লাবটিতে তার অধ্যায় শেষ হয়ে যাওয়ার খবর কদিন আগেই বের হয়। তখন জানানো হয়, পারস্পরিক সমঝোতায় দু’ পক্ষের চুক্তি বাতিল হয়েছে।পেশাদার ফুটবল ক্যারিয়ারে রদ্রিগেসের চুক্তি বাতিলের ঘটনা এটিই প্রথম নয়।
এর আগে পারস্পরিক সমঝোতায় সাও পাওলোর সঙ্গে এই অ্যাটাকিং মিডফিল্ডারের চুক্তি বাতিল হয়েছিল। ৩৩ বছর বয়সী তারকা হামেস রদ্রিগেস,এর আগে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, মোনাকো, এভারটনের মতো ক্লাবে খেলেছেন।
