
বেনফিকার কাছে ৪-২ গোলে হার, সঙ্গে দুই লাল কার্ড,লিসবনে দুঃস্বপ্নের রাত কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। এই হারের ফলে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষ আট থেকে ছিটকে পড়ে আলভারো আরবেলোয়ার দল। ফলে টানা দ্বিতীয় সিজনের মতো প্লে-অফ খেলতে হবে দলটির।
ম্যাচের ৯২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন রাউল অ্যাসেনসিও। এরপর স্টপেজ টাইমে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় সরাসরি লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। ফলে রিয়াল মাদ্রিদ ম্যাচ শেষ করে মাত্র ন’জন খেলোয়াড় নিয়ে।ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় এক্স-এ এক বার্তায় নিজের আচরণের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চান রদ্রিগো। তিনি বলেন, সময় নষ্ট করার ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে আমি আবেগে ভেসে গিয়েছিলাম। এটা আমার স্বভাব নয়। রিয়াল মাদ্রিদের হয়ে আগে কখনো লাল কার্ড দেখিনি।
আমি সমর্থক, ক্লাব, সতীর্থ এবং কোচের কাছে ক্ষমা চাই। আমরা ঐক্যবদ্ধ থাকব এবং এই চ্যাম্পিয়নস লিগের জন্য লড়াই চালিয়ে যাব।তবে এই ঘটনাকে বড় করে দেখছে না রিয়াল শিবির। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দলের অন্যতম সেরা পারফরমার ছিলেন রদ্রিগো। তাই এই সপ্তাহান্তে রায়ো ভায়েকানোর বিপক্ষে লা লিগা ম্যাচে আবারও শুরুর একাদশে তার ফেরার সম্ভাবনা রয়েছে।









