
ফের রোহিঙ্গা সন্দেহে শিয়ালদহ স্টেশন থেকে মায়ানমারের তিন বাসিন্দা’কে আটক করেছে জিআরপি। কোনও পরিচয়পত্র ও পাসপোর্ট ছাড়াই ভারতে ঢোকার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
২০ হাজার টাকার বিনিময়ে বেআইনিভাবে ভারতে ঢোকে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, শুক্রবার মধ্যরাতে শিয়ালদহ স্টেশনে এক ব্যক্তি-সহ দুই মহিলার গিতিবিধি দেখে সন্দেহ হয় টিকিট চেকারের। পরিচয়পত্র দেখতে চাইলেই সবটা সামনে চলে আসে। কোথায় যাচ্ছেন জানতে চাইলেও সঠিক উত্তর পাওয়া যায়নি। সন্তোষজনক উত্তর না মেলায় সন্দেহ আরও বাড়তে থাকে। এরইমধ্যে খবর চলে যায় রেল পুলিশের কাছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই ধৃত ব্যক্তির নাম আব্দুল রহমান। তাঁর সঙ্গে যে মহিলারা আছেন তাঁরা তাঁর পরিবারেরই সদস্য বলে জানান।
স্পষ্টতই জানান, তাঁরা মায়ানমার থেকে ভারতে প্রবেশ করেছেন। পাসপোর্ট না থাকার কারণে ২০ হাজার টাকা দিয়েই ঢুকেছেন ভারতে। কিন্তু, আসলেই কোন উদ্দেশ্যে এপারে এসেছেন তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
