
রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন।আইপিএলের মাঝেই এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক।
এ বার থেকে ভারতের হয়ে শুধু এক দিনের ক্রিকেট খেলবেন রোহিত শর্মা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন তিনি। এ বার আরও একটি ফরম্যাটকে অলবিদা জানিয়েছেন রোহিত।তবে,কোনও সাংবাদিক বৈঠক করেননি রোহিত শর্মা। ইনস্টাগ্রামে চার লাইনের একটি বিবৃতিতে লিখেছেন,সকলকে জানাতে চান যে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। সাদা পোশাকে দেশের হয়ে খেলা তাঁর কাছে গর্বের। এত বছর ধরে এত ভালবাসা ও সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। এক দিনের ফরম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাবেন।উল্লেখ্য,গত বছর থেকেই টেস্টে রোহিত শর্মার ব্যাটে রানের খরা চলছে। দেশের মাটিতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে চুনকাম হয়েছিল ভারত। সেই সিরিজ়ে একেবারেই রান করতে পারেননি রোহিত শর্মা। তার পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়েও রান আসেনি ভারত অধিনায়কের ব্যাট থেকে। এমনই পরিস্থিতি হয়েছিল যে সিডনিতে শেষ টেস্টে প্রথম একাদশের বাইরে রাখতে হয়েছিল রোহিতকে। এদিকে আইপিএলের পরেই ইংল্যান্ড সফরে যাবে ভারত।পাঁচ টেস্টের সেই সিরিজ় থেকে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু হবে।শোনা যাচ্ছিল,ইংল্যান্ড সিরিজ়ের আগে রোহিত শর্মাকে টেস্টের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে।সেই জল্পনার মাঝেই অবসর নিলেন তিনি। অর্থাৎ,ইংল্যান্ড সফরের আগে নতুন অধিনায়ক ঘোষণা করতে হবে ভারতকে। সেই দৌড়ে জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ ও শুভমন গিল রয়েছেন। অন্যদিকে সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মার রেকর্ড আকর্ষণীয় হলেও টেস্টে তা নয়।দীর্ঘ দিন টেস্টে নিয়মিত সুযোগ পেতেন না তিনি।পরে ওপেনার হিসাবে খেলানো শুরু হয় তাঁকে।ভারতের হয়ে ৬৭টি টেস্ট খেলেছেন রোহিত শর্মা।
করেছেন ৪ হাজার ৩০১ রান।ব্যাটিং গড় ৪০.৫৭। টেস্টে ১২টি শতরান ও ১৮টি অর্ধশতরান করেছেন রোহিত শর্মা। সর্বাধিক রান ২১২। টেস্টে তাঁর বেশির ভাগ রানই ভারতের মাটিতে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশে বার বার সমস্যায় পড়েছেন রোহিত শর্মা।
