
আনরিখ নোখিয়ের ব্যাট থেকে বল বেরিয়ে মিড উইকেট এলাকায় যেতেই হাঁটু মুড়ে বসে পড়লেন হার্দিক পান্ডিয়া। মাটিতে মুখ গুঁজে শুয়ে রোহিত শর্মা। কাঁদছেন ঋষভ পন্থ, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদবেরা।এমনকি বেঞ্চে বসে থাকা মহম্মদ সিরাজও কাঁদছেন।
বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে কেঁদেছে গোটা ভারতীয় দলই। কেউ নিজের আবেগ ধরে রাখতে পারলেন না।ভারত জিততেই মাঠে নেমে পড়েন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। বিশ্বসেরা হয়ে নিজের কোচিং কেরিয়ার শেষ করেছেন তিনি। মাঠে নেমে ক্রিকেটারদের জড়িয়ে ধরেন সাপোর্ট স্টাফেরাও। কেউ তখন কাউকে সামলাতে পারছেন না। বলা ভাল কেউ কাউকে সামলাতে চাইছেন না। জেতার আনন্দে উদ্বেল তাঁরা। হার্দিক পাণ্ডিয়াকে জড়িয়ে ধরে চুমু খেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা । ছাড়তেই চাইছিলেন না। কিছুক্ষণ পরে আবার দেখা গিয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলি একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন।মাঠে নেমে পড়েন ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও। রোহিত শর্মা গিয়ে জড়িয়ে ধরেন স্ত্রী রীতিকা সচদেবকে। যশপ্রীত বুমরাকে জড়িয়ে ধরেন স্ত্রী সঞ্জনা। বিরাট কোহলি আবার ভিডিয়ো কলে কথা বলেছেন স্ত্রী অনুষ্কা শর্মা ও সন্তানদের সঙ্গে। হার্দিক পাণ্ডিয়া আবার একহাতে জাতীয় পতাকা নিয়ে ঘুরছেন। মহম্মদ সিরাজের চোখের জল মোছানোই যাচ্ছিল না।বিশ্বকাপ জিতে নিজেদের মনের কথা তুলেও ধরেছেন ভারতীয় ক্রিকেটারেরা। সঞ্চালককে জানিয়েছেন, বিশ্বসেরা হয়ে কেমন অনুভূতু হচ্ছে তাঁদের।







