
দীর্ঘ দিন পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের ম্যাচে দুরন্ত গতিতে খেলেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ১২০ বলে ১৩৫ রান করলেন ১১টি চার এবং ৭টি ছয়ের সাহায্যে বিরাট কোহলি।
একটু কম নম্বর পেলেও সসম্মানে উত্তীর্ণ রোহিত শর্মা। তিনি ৫১ বলে ৫৭ রান করলেন। মারলেন ৫টি চার এবং ৩টি ছয়। ২৮০ দিন পর কোহলির শতরান প্রমাণ করে দিল তিনি ফুরিয়ে যাননি। সাফল্যের খিদে এখনও প্রবল ভাবে বেঁচে। তিনি আবেগপ্রবণ বটে। তবে রাঁচিতে শতরানের পর ওই লাফ বুঝিয়ে দিল, কত কিছু প্রমাণ করার ছিল তাঁর। ক্ষণিকের আবেগের পরই তিনি শান্ত। ধীরে ধীরে ব্যাট, হেলমেট, গ্লাভস খুলে মাটিতে রেখে বিয়ের হারে চুমু খেলেন। আকাশের দিকে তাকিয়ে কিছু একটা বলতেও দেখা গেল। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ বার শতরান করেছিলেন। এই ফরম্যাটে এখনও তাঁর বিকল্প তৈরি হয়নি।
সিডনিতে শেষ ম্যাচে দল না জিতলে সেখানেও শতরান করে ফেলতেন। রোহিতই বা কম যান কিসে! শেষ বার সিডনিতে ম্যাচ জেতানো শতরান করেছিলেন। এ বার দেশের মাটিতে ওপেন করতে নেমে সেখান থেকেই শুরু করলেন। আগ্রাসী ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে শুরু থেকেই চাপে ফেলে দিলেন। কেরিয়ারের শেষ বেলায় দুই ক্রিকেটারের ইনিংস হয়তো এটাও বোঝাল, ভাল জিনিস কমই ভাল।
