
নাসার মহাকাশ পর্যবেক্ষণের পরবর্তী বিশেষ টেলিস্কোপটি এ বছরের শেষ দিকেই উৎক্ষেপণ হতে যাচ্ছে। নতুন টেলিস্কোপের দেখার পরিধি হাবল টেলিস্কোপের তুলনায় ১০০ গুণ বিস্তৃত।
পরবর্তী প্রজন্মের শক্তিশালী এ মহাকাশ টেলিস্কোপ উৎক্ষেপণের জন্য সেপ্টেম্বর মাসকে নির্ধারণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি।এ টেলিস্কোপটি মহাবিশ্বের রহস্যময় ডার্ক এনার্জি ও নতুন নতুন গ্রহ সন্ধানে কাজ করবে।সংস্থাটি বলেছে, তারা,ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ, সংক্ষেপে রোমান টেলিস্কোপটি উৎক্ষেপণের জন্য সেপ্টেম্বরের শুরুকে লক্ষ্যমাত্রা হিসেবে ধরেছে। সেপ্টেম্বর মাসটি রোমান উৎক্ষেপণের সম্ভাব্য সবচেয়ে আগের সময়।নাসা বলেছে, টেলিস্কোপটি স্পেসএক্সের ফ্যালকন হেভি রকেটে করে মহাকাশে পাঠানো হবে এবং উৎক্ষেপণ তারিখ কোনোভাবেই ২০২৭ সালের মে মাসের পরে যাবে না। উল্লেখ্য নাসার প্রথম প্রধান জ্যোতির্বিজ্ঞানী ও হাবল টেলিস্কোপের জননী হিসেবে পরিচিত ন্যান্সি গ্রেস রোমানের নামানুসারে ২০১৬ সালে এ টেলিস্কোপটির নাম প্রথমবারের মতো ঘোষণা করে সংস্থাটি।
এর আগে, টেলিস্কোপটি,ওয়াইড ফিল্ড ইনফ্রারেড সার্ভে টেলিস্কোপ নামে পরিচিত ছিল।এ টেলিস্কোপের আয়নাটি হাবলের আয়নার সমান আকৃতির হলেও তা হাবলের তুলনায় আকাশের অন্তত ১০০ গুণ বড় অংশ একসঙ্গে ক্যামেরাবন্দি করতে পারে।









