
ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে হারের পর টেবিলে ১৮তম স্থানে নেমে গেছে টটেনহ্যাম হটস্পার। এতে করে রেলিগেশনে পড়েছে ক্লাবটি।
আর এই ম্যাচে চোটে পড়েছেন দলটির আর্জেন্টাইন সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো। এতে করে আসন্ন বিশ্বকাপে রোমেরোর অংশগ্রহণ নিয়ে আশঙ্কা তৈরি হয়।তবে,টটেনহ্যাম হটস্পার জানিয়েছে, সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়ে আগামী পাঁচ থেকে আট সপ্তাহের জন্য মাঠের থাকতে হবে রোমেরোকে।সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিজের দলের গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সাথে ধাক্কা লেগে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। মাঠ ছাড়ার সময় রেমেরোর চোখে জল ছিল।স্পার্স ডিফেন্ডারের এই চোট দেখে বেশ গুরুতর মনে হলেও, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে কোনো পরিষ্কার ধারণা দিতে পারেননি কোচ রবার্তো ডি জার্বি।আর্জেন্টাইন সাংবাদিক মার্টিন আরেভালো জানিয়েছেন, রোমেরোর হাঁটুর চোট এতটাই যে তাঁকে অন্তত পাঁচ থেকে আট সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হতে পারে।অন্যদিকে,আরেভালো আর্জেন্টিনার জন্য একটি সুখবরও দিয়েছেন, জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে রোমেরো পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। এ খবরে স্বস্তি ফিরে পেয়েছেন আর্জেন্টাইন ফ্যানরা।
তবে, টটেনহ্যাম সমর্থকদের জন্য এটি কোনোভাবেই ভালো সংবাদ নয়। এতদিন লিগে মাত্র ছ’টি ম্যাচ বাকি থাকতে রেলিগেশন জোনে থাকা টটেনহ্যামের টিকে থাকার লড়াইয়ে রোমেরোর অনুপস্থিতি এক বিশাল বড় দুঃসংবাদ।








