
গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের ২৩ তম আসর শুরু হতে বাকি আর মাত্র ৬৪ দিন। এই টুর্নামেন্ট নিয়ে ইতিমধ্যে উন্মাদনা তৈরি হয়েছে ফুটবলমহলে। টুর্নামেন্টটির ইতিহাসে প্রথমবার অংশ নেবে ৪৮ দল।
ইতোমধ্যে নির্ধারণ হয়ে গেছে গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হবে।এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে কে কার রেকর্ডে ভাগ বসাবে।বিশ্বকাপের গত ২২টি আসরে পেলে, ম্যারাডোনা, ইয়োহান ক্রুইফ কিংবা জিদানের মতো কিংবদন্তিরা ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তবে বিশ্বকাপে ২০টির বেশি ম্যাচ খেলার অভিজাত মাইলফলক স্পর্শ করতে পেরেছেন মাত্র ১৪ জন ফুটবলার। বিশ্বকাপের ৫ আসরে অংশ নিয়ে ২৬ ম্যাচ খেলে শীর্ষে রয়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।তিনি এই রেকর্ডটি গড়েন শেষ কাতার বিশ্বকাপ জয় করে।গত বিশ্বকাপ ফাইনালে খেলেইজার্মানির লুথার ম্যাথিউসের গড়া ২৫ ম্যাচের দীর্ঘদিনের রেকর্ডটি ভেঙে দেন এই ফুটবল জাদুকর। ২৫ ম্যাচ খেলতে জার্মান এই কিংবদন্তি তিনটি ফাইনাল খেলেছিলেন।এই তালিকায় তাদের পরেই আছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসা ২৪ ম্যাচ, ইতালীয় কিংবদন্তি পাওলো মালদিনি ২৩ এবং ক্রিস্তিয়ানো রোনালদো ২২টি ম্যাচ খেলেছেন।২০২৬ বিশ্বকাপে পর্তুগাল যদি নকআউট পর্বে যায় আর সব ম্যাচে যদি রোনালদো খেলে তাহলে সর্বকালের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবেন তিনি।
এদিকে আসন্ন বিশ্বকাপে এই প্রজন্মের সেরা দুই খেলোয়াড়ের মেসি ও রোনালদোর বিদায়ী আসর হতে যাচ্ছে। দুজনই যৌথভাবে ছ’টি বিশ্বকাপে খেলা ফুটবলার হিসেবে এককভাবে নিজেদের স্থান করে নেবে। তাতেই লুথার ম্যাথিউস এবং মেক্সিকান ত্রয়ী আন্তোনিও কারবাহাল, আন্দ্রেস গুয়ার্দাদো ও রাফায়েল মার্কেজের দখলে থাকা পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ড ভেঙে যাবে।
