
শীতের রাতে নিশ্চিন্ত ঘুমের মধ্যেই পার্কসার্কাসে বাড়ির চাঙর ভেঙে প্রাণ হারিয়েছেন বছর পঁচাশির বৃদ্ধা। দুর্ঘটনায় এক শিশু-সহ বাড়ির ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। পার্কসার্কাস লোহাপুলের ৬৫ নং ওয়ার্ড এলাকায় রবিবার রাত ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
৪৬/এইচ/ই, সামসুল হুদা রোডের একটি পুরনো তিনতলা বাড়ির একতলায় থাকত মৃত বৃদ্ধার পরিবার। রবিবার রাতে সকলে ঘরে ঘুমাচ্ছিলেন। মাঝরাতে আচমকা চাঙর খসে পড়ে। তাতে আহত হন বাড়ির প্রায় সব সদস্য। সকলকে নিকটবর্তী ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৬১ বছরের বৃদ্ধা রাবিয়া খাতুনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালে এই মুহূর্তে জখম অবস্থায় চিকিৎসাদীন ৯ বছরের আয়েষা খাতুন, ১৬ বছরের উমর ওরফে দানিশ আলম এবং ৫৫ বছরের ওয়াহিদ আবদুল।
যদিও আয়েষার সামান্য আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যান স্থানীয় কাউন্সিলর। তিনি জানিয়েছেন, ওই বাড়িটি বহু পুরনো, জরাজীর্ণ। বাড়ির মালিককে এ বিষয়ে সতর্ক করা সত্ত্বেও মেরামত করেননি। তার জেরেই এই দুর্ঘটনা বলে অনুমান।








