
আবারও অগ্নিকাণ্ড কলকাতায়। এবার পোদ্দার কোর্টের ইলেকট্রিকের দোকানে আগুন লাগার ঘটনায় বুধবার সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পোদ্দার কোর্টে একাধিক অফিস, দোকান রয়েছে। কাছেই লালবাজার। খবর পেয়েই দমকলের ৪ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। খালি করা হয় বিল্ডিং। প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্টসার্কিট থেকে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি এসিতেও আগুন লেগে যায়। কদিন আগেই বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘঠনায় ১৪ জনের মৃত্যু হয়। এরপর সল্টলেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার আগে আগুন লাগে বেহালার জেমস লং সরণির একটি বহুতলেও। অন্যদিকে মহেশতলার রবীন্দ্রনগরে একটি বন্ধ ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে আসবাবপত্র থেকে অন্যান্য জিনিসপত্র। জানা গিয়েছে মহেশতলার দিঘিরপাড় এলাকার বাসিন্দা নুরুল মল্লিক পরিবারকে নিয়ে ঘুরতে গিয়েছেন।
বুধবার সকালে বন্ধ ঘর থেকে আগুন বেরতে দেখে দমকলে খবর দেয় স্থানীয়রা। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।
