
বাজারে এখনও ঘুরে বেড়াচ্ছে প্রচুর পরিমাণে দুহাজার টাকার নোট। যার মূল্য প্রায় ৬ হাজার কোটি টাকা। তথ্য প্রকাশ করে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা আরবিআই। শনিবার আরবিআইয়ের দেওয়া তথ্যে বলা হয়েছে , ৯৮.১৮ শতাংশ ২হাজার টাকার নোট ফেরত চলে এসেছে। অর্থাত্, বাজারে এখনও প্রায় দুশতাংশ ২হাজার টাকার নোট রয়েছে । এর মূল্য প্রায় ৬হাজার ৪৭১ কোটি টাকা বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
২০২৩ সালের ১৯ মে দুহাজার টাকার নোট বাজার থেকে প্রত্যাহার করার ঘোষণা করেছিল আরবিআই। ওই সময় বাজারে ছাড়া ছিল ৩.৫৬ লক্ষ কোটি টাকা মূল্যের ২হাজার টাকার নোট। ওই নোট প্রত্যাহারের পর ওই টাকা সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কে জমা দেওয়ার সুযোগ দিয়েছিল আরবিআই। ২০২৩ সালের ৭ অক্টোবর পর্যন্ত ব্যবস্থা চালু ছিল। বর্তমানে অবশ্য ব্যাঙ্কে ওই নোট জমা নেওযা হয় না।
আরবিআইয়ের ১৯ টি সুনির্দিষ্ট দফতরে দুহাজারে নোট জমা দিতে পারেন গ্রাহকরা। এছাড়া পোস্ট অফিসের মাধ্যমেও ২হাজার টাকার নোট আরবিআইতে পাঠানোর সুযোগ রয়েছে । দুহাজারি নোট প্রত্যাহারের কাজ চললেও আরবিআই এটিকে পুরোপুরি বন্ধ করেনি। এখনও লেনদেনের ক্ষেত্রে ওই নোটের বৈধতা রয়েছে ।
