
সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদ-সহ একাধিক জায়গায় যে অশান্তির ঘটনা ঘটেছে, সেই আবহে কোনও এলাকার নাম না করেই শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন তিনি। সেই সঙ্গে বাংলায় বিক্ষিপ্ত ভাবে দাঙ্গা পরিস্থিতির জন্য এবার সরাসরি সঙ্ঘ পরিবার তথা আরএসএস-কেও দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খোলা চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ওদের বিশ্বাস করবেন না। ওরা অশান্তি বাধাতে চায়। ওরা সঙ্কীর্ণ নির্বাচনী রাজনীতির কথা ভেবে ভাগাভাগি করতে চায়। মুখ্যমন্ত্রীর পাল্টা সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
দুজনেরই বক্তব্য, বাংলায় আরএসএস-বিজেপিকে ঢুকিয়েছেন মমতাই। যে বিপজ্জনক খেলার কথা উনি বলছেন, তার বীজ বপন করেছেন মুখ্যমন্ত্রী।







