
ইরান শান্তিচুক্তি তেহরানকে কতটা সুবিধা পাইয়ে দেবে, তা নিয়ে সন্দিহান পশ্চিম এশিয়ায় আমেরিকার বন্ধুরাষ্টগুলি। হরমুজ থেকে ইরান টোল আদায়ের সুযোগ পাবে কি না, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে তারা।
এ অবস্থায় বন্ধুদের আশ্বস্ত করতে পশ্চিম এশিয়ায় সফর শুরু করেছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। মঙ্গলবার থেকে শুরু হয়েছে তাঁর সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত এবং বাহরিন সফর। আবু ধাবিতে পৌঁছে মঙ্গলবারই বন্ধুদের উদ্দেশে আশ্বাস দিয়ে রুবিয়ো জানিয়েছেন হরমুজে জাহাজ চলাচল অবাধ থাকবে।
ওই জলপথ দিয়ে যাতায়াত করা জাহাজের কাছ থেকে কোনও দেশকেই টোল আদায় করতে দেওয়া হবে না। ইরানকেও নয়। শান্তিচুক্তি নিয়ে তেহরানের সঙ্গে পরবর্তী আলোচনাগুলিতেও ওয়াশিংটন নিজেদের অবস্থানে অনড় থাকবে বলে জানিয়েছেন তিনি।
