
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মালয়েশিয়ার কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন।দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম এশিয়া সফর।এই সফরের মূল উদ্দেশ্য হলো, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এই অঞ্চলকেই লক্ষ্যবস্তু করেছেন বিশ্বজুড়ে শুল্ক নীতির অংশ হিসেবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, রুবিও আসিয়ান-এর ১০ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনার পাশাপাশি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও বৈঠক করবেন। মার্কো রুবিওর এ সফর মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি মার্কিন মনোযোগ ফেরানোর একটি চেষ্টা, যেখানে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় সংকট এতদিন বেশি গুরুত্ব পেয়েছিল। রুবিও বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা,দুই ভূমিকাই পালন করছেন।তবে ট্রাম্প প্রশাসনের কঠোর শুল্কনীতি এই সফরে ছায়া ফেলেছে।
এদিকে, ১ আগস্ট থেকে মালয়েশিয়াসহ ছয়টি আসিয়ান সদস্য রাষ্ট্র এবং আমেরিকার ঘনিষ্ঠ মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়ার ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।বিশ্লেষকরা বলছেন, রুবিও এ সফরে আমেরিকাকে চীনের চেয়ে ভালো কৌশলগত ও অর্থনৈতিক অংশীদার হিসেবে উপস্থাপন করার চেষ্টা করবেন। বলা হচ্ছে,এর মাধ্যমে চীনের কূটনৈতিক ও অর্থনৈতিক প্রচেষ্টার জবাব দেওয়া হচ্ছে।
