
বিজেপি যোগের গুঞ্জনের আবহেই দিল্লিতে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে দিল্লি পৌঁছেছেন শশী থারুর। পার্লামেন্ট হাউসেই তিনি দেখা করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে। জানা গিয়েছে, দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রায় আধঘণ্টা কথা বলেছেন শশী। মূলত নিজের মতামত এবং দলের প্রতি ক্ষোভ নিয়ে ওই বৈঠকে কথা বলেছেন সাংসদ, এমনটাই জানা গিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে যা অভিযোগ রয়েছে জনমানসে, সেগুলোও তুলে ধরেছেন শশী। সদ্যই কেরল সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে কেরল কংগ্রেসের সব শীর্ষ নেতাই কমবেশি গুরুত্ব পেয়েছেন।
কিন্তু চারবারের সাংসদ তথা রাজ্য কংগ্রেসের জনপ্রিয় মুখ শশী থারুর কোনও কর্মসূচিতেই ডাক পাননি। তাতেই শশী থারুর অপমানিত বোধ করছেন। সেই ঘটনার পরেই বৃহস্পতিবারের সাক্ষাৎ।
