
ভারতীয় বংশোদ্ভূত লেখক সলমন রুশদির উপর হামলার ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে ২৭ বছরের হাদি মাতারকে। আমেরিকার আদালতে তাঁর বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এখনও শাস্তি ঘোষণা করা হয়নি।
আগামী ২৩ এপ্রিল নিউ ইয়র্কের আদালত হাদির শাস্তি শোনাবে। যে যে ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাতে ন্যূনতম ৩০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হতে পারে। ২০২২ সালে আমেরিকার একটি অনুষ্ঠানে রুশদির উপর প্রাণঘাতী হামলা চালান তিনি। মঞ্চে উঠে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপান রুশদিকে। ছুরির আঘাতে মঞ্চেই লুটিয়ে পড়েছিলেন বুকারজয়ী ব্রিটিশ লেখক।
বেশ কিছু দিন তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। পরে সুস্থ হয়ে উঠলেও হামলার ফলে একটি চোখে দৃষ্টি হারিয়েছেন দ্য স্যাটানিক ভার্সেস-এর লেখক। অকেজো হয়ে গিয়েছে একটি হাতও।





