
প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডে স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন ও তাদেরকে সেখানে পাঠানোর বিষয়ে আমেরিকার প্রস্তাবে জোর আপত্তি জানিয়েছে রাশিয়া, চিন-সহ একাধিক আরব দেশ। এতে করে আমেরিকার এই প্রস্তাবটি কার্যত ঝুলে রয়েছে।
মূলত প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার রোডম্যাপ ও ইজরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা না থাকায় আমেরিকার এই প্রস্তাবটি নিয়ে নিরাপত্তা পরিষদে তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে। রাষ্ট্রপুঞ্জে হওয়া আলোচনার বিষয়ে অবগত চার কূটনীতিকের তথ্য অনুযায়ী, নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাধারী স্থায়ী সদস্য রাশিয়া ও চিন দাবি করেছে- ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে যে বোর্ড অব পিস গঠনের কথা বলা হয়েছে, তা পুরোপুরি তুলে দিতে হবে। স্থানীয় সময় গত বুধবার রাতে যে সংশোধিত খসড়া ফিরিয়ে দেওয়া হয়, সেখানে আমেরিকা ওই বোর্ডের কথা উল্লেখ করেছিল।
আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, প্রস্তাবটি এখনই পাস হওয়া জরুরি। তিনি বলেছেন, চলমান গতি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।








