
সিরিয়ায় পাঁচ দশকের বেশি সময় ধরে চলা আসাদ পরিবারের শাসনের পতন হয় অনেকটা আচমকাই।কয়েক দিনের ব্যবধানে চোখের সামনেই ধসে পড়ে বাশার আল-আসাদের সাম্রাজ্য। এর মধ্যে দিয়ে সিরিয়ায় বাশার আল-আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটে।
উল্লেখ্য বাবা হাফিজ আল-আসাদ ও ছেলে বাশার আল-আসাদ মিলে টানা ৫৩ বছর সিরিয়া শাসন করেছেন।এদিকে বিদ্রোহীরা আসাদের সরকারকে উৎখাতের পর সিরিয়ার একটি সামরিক বিমানঘাঁটিতে রাশিয়া তাদের সামরিক সরঞ্জাম গুটিয়ে নিচ্ছে, মহাকাশ প্রযুক্তি কম্পানি ম্যাক্সারের প্রকাশিত স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিগুলো দেখে এমনটাই ধারণা করা হচ্ছে।ওই ছবিগুলোতে দেখা গিয়েছে,সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া প্রদেশের হুমাইমিম বিমান ঘাঁটিতে বিশ্বের বৃহত্তম কার্গো আন্তোনোভ-র এএন-১২৪, অন্তত দুটো বিমানে সরঞ্জাম তোলা হচ্ছে।ম্যাক্সার বলেছে, দুটো আন্তোনোভ এএন-১২৪ বৃহত্তম কার্গো বিমান হুমাইমিম বিমান ঘাঁটিতে অবস্থান করছে এবং ছবিতে বিমান দুটির ডালা খোলা অবস্থায় দেখতে পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, বিমানে সামরিক সরঞ্জাম ওঠানো হচ্ছে।এদিকে লাতাকিয়ার বিমানঘাঁটিতে সরঞ্জাম গুটানোর কাজকর্ম চললেও ম্যাক্সার জানিয়েছে, ভূমধ্যসাগরের তীরে সিরিয়ার বন্দরনগরী তারতুসে অবস্থিত রাশিয়ার নৌঘাঁটি এখনো বহাল তবিয়তে আছে। সেখানে কোনো পরিবর্তন দেখা যায়নি।









