ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

0
136
ছবি সৌজন্যে : এক্স
রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২২ সালে মস্কো ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম ভবনটি হামলার শিকার হয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছেন শনিবার কিয়েভে রাতভর হামলায় রাশিয়ায় রেকর্ডসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই সংখ্যা আট শতাধিক।
বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, সর্বশেষ এসব হামলায় ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত হেনেছে, আর ধ্বংস করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পড়েছে ৮টি স্থানে। জবাব দিতে ছাড়েনি ইউক্রেন। রাশিয়ার জ্বালানি পরিকাঠামো গুলিতে পাল্টা আক্রমণ করেছে। রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের দ্রুজবা তেল পাইপলাইনে ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভদির দাবি, রুশ পাইপলাইনে আগুন লেগে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কিভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, শনিবার রাতে প্রথমে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে হামলা শুরু করেছিল মস্কো। তার পরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই হামলায় তিন জন সাধারণ নাগরিকের প্রাণ গিয়েছে। তাঁদের মধ্যে একটি শিশু ও একজন তরুণী। আহত আরও ১৮ জন। যার মধ্যে একজন গর্ভবতী মহিলাও রয়েছেন।