
প্রবল শীতের মধ্যে বিদ্যুৎকেন্দ্রগুলিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার জেরে অন্ধকারে ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা। বন্ধ পানীয় জলের লাইনও। ফলে কনকনে ঠান্ডায় সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। রাশিয়ার এই আক্রমণের কড়া নিন্দা জানিয়েছে কিভ।
পাশাপাশি বেশ কিছু পরমাণু কেন্দ্র বন্ধ করে দিয়েছে ইউক্রেন প্রশাসন।বর্তমানে শীতে কাঁপছে গোটা ইউক্রেন। এরমধ্যেই পশ্চিম ইউক্রেনের লভিভ, জাইটোমির-সহ বিভিন্ন শহরে আছড়ে পড়েছে প্রায় দুশোর কাছাকাছি মিসাইল। যা আঘাত হানে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে। মুহূর্তের মধ্যে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন লক্ষ লক্ষ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে কিভের বিদ্যুৎকেন্দ্রও। জল সরবরাহ হচ্ছে না বেশ কিছু এলাকায়। এই হামলার প্রভাব পড়েছে ইউক্রেনের দক্ষিণ শহর খেরসনেও। সেখানকার একাধিক অঞ্চলও এই মুহূর্তে অন্ধকারের গ্রাসে। বিদ্যুৎ না থাকায় সরবরাহ হচ্ছে না জল। যদিও ইউক্রেন সেনার দাবি আছড়ে পড়ার আগে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। রাশিয়ার এই হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টেলিগ্রামে তিনি জানিয়েছেন, ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোকে টার্গেট করেছে রাশিয়া। বেছে বেছে এইসব জায়গাগুলোতেই হামলা চালানো হয়েছে। এদিকে এই হামলার কথা স্বীকার করে নিয়েছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, কয়েকদিন আগে ইউক্রেন যে হামলা চালিয়েছিল এটা তার জবাব।
এই পরিস্থিতিতে নিরাপত্তার জন্য বেশ কিছু পারমাণবিক কেন্দ্র বন্ধ করে দিয়েছে ইউক্রেন।







