ইউরোপে হামলা করবে না রাশিয়া

0
73
ছবি সৌজন্যে : এক্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপের কোনো দেশকে আক্রমণ করার পরিকল্পনা রাশিয়ার নেই। এমনকি চাইলে তিনি লিখিতভাবেই এই নিশ্চয়তা দিতে প্রস্তুত।

তিনি দাবি করেছেন, রাশিয়া ইউরোপে নতুন হামলা চালাবে, এমন ধারণা মিথ্যা ও হাস্যকর এবং সম্পূর্ণ ভিত্তিহীন। কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে সমাপ্ত হওয়া ,রাশিয়া–নেতৃত্বাধীন সামরিক জোট, সিএসটিও সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন এসব কথা বলেছেন। তার ভাষায়, রাশিয়ার কখনোই ইউরোপ আক্রমণের ইচ্ছা ছিল না। তবুও পশ্চিমী দেশগুলো চাইলে তিনি লিখিতভাবে নিশ্চয়তা দেবেন। তবে ইউরোপীয় নেতারা বিষয়টি সন্দেহের চোখে দেখছেন। তারা বলছেন, ইউক্রেনে হামলার আগে প্রেসিডেন্ট পুতিন বহুবার বলেছিলেন যে রাশিয়ার কোনো আক্রমণ পরিকল্পনা নেই। কিন্তু পরে ২০২২ সালে আক্রমণ শুরু হয়।ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আমেরিকা সমর্থিত এক খসড়া শান্তি প্রস্তাব আলোচনার ভিত্তি হতে পারে।

তবে তিনি আগের শর্তই পুনর্ব্যক্ত করেছেন,ইউক্রেনকে দোনবাস অঞ্চলের দোনেস্ক ও লুহানস্ক থেকে সেনা প্রত্যাহার করতে হবে, এমনকি যেসব এলাকা রাশিয়ার দখলে নেই সেগুলো থেকেও। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন,ইউক্রেন যদি সেনা না সরায়, রাশিয়া সামরিক শক্তিতে লক্ষ্য অর্জন করবে। কিন্তু কিয়েভ বলছে, সেনা সরালে রাজধানী কিয়েভসহ বড় শহরগুলো আক্রমণের মুখে পড়বে।