
ইউক্রেন লক্ষ্য হলেও প্রতিবেশী দেশ পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়েছে রুশ ড্রোন। সতর্ক করা হয়েছে সেনা’কে। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয়েছে দেশের চারটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরও।
স্থানীয় সময় অনুযায়ী বুধবার সকালে পোল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় যে ড্রোনগুলি পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছিল, সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে। পোল্যান্ডের অপারেশনাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনগুলি চিহ্নিত করার কাজ চলছে। বায়ুসেনার বিমান পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা এবং রেডার ব্যবস্থাও সর্বোচ্চ প্রস্তুতির পর্যায়ে আনা হয়েছে।
ড্রোনের ধরন কিংবা সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য না দেওয়া হলেও সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সামরিক অভিযান চলছে। দেশের নাগরিকদের বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।








