
মস্কোতে এক বিস্ফোরণে একজন রুশ জেনারেল নিহত হয়েছেন। সোমবার সকালে একটি গাড়ির নিচে পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হলে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হন।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, সারভারভ রুশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান ছিলেন।তদন্তকারীরা বলছেন, সম্ভাব্য একটি তত্ত্ব হিসেবে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।তবে ইউক্রেন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ঘটনাস্থলে তদন্তকারীদের পাঠানো হয়েছে, যা রাশিয়ার রাজধানীর দক্ষিণাঞ্চলে বলে জানা গেছে। রিপোর্টে বলা হয়েছে, একটি আবাসিক ভবনের কাছে একটি কার পার্কিং এলাকায় এই বিস্ফোরণ ঘটে।
উল্লেখ্য ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া, ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে মস্কোতে একাধিক সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে।









