
আবারও জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। ইউরোপীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের রিপোর্ট জানিয়েছে, পূর্ব-রাশিয়ার কামচাটকার কাছে কুরিল দ্বীপপুঞ্জে ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের উৎসস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নীচে। তবে এ বারের ভূমিকম্পের পর সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। ৩ অগাস্ট, রবিবার ওই একই এলাকায় ৬.৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল।
তারও আগে, ৩০ জুলাই রাশিয়ার পূর্বে কামচাটকা উপদ্বীপ ৮.৮ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে ওঠে। শক্তিশালী এই ভূমিকম্পের জেরে আছড়ে পড়ে সুনামিও। রাশিয়ার পাশাপাশি জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও সুনামি আছড়ে পড়ে।








