
রাশিয়ার নতুন রকেট এখন মহাকাশ অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে উঠে এসেছে। ২০১৪ সালের পর রাশিয়াতে তৈরি প্রথম এ রকেটটি বর্তমানে চূড়ান্ত পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে।
কাজাখস্তানের সঙ্গে যৌথভাবে তৈরি সয়ুজ-ফাইভ নামের শক্তিশালী এ রকেটটি রাশিয়ার মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।রাশিয়ার শীর্ষ মহাকাশ কর্মকর্তার দেওয়া তথ্য অনুসারে, সয়ুজ-ফাইভ বর্তমানে চূড়ান্ত পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে এবং মহাকাশ প্রকল্পের জন্য তা পুরোপুরি প্রস্তুত।রুশ মহাকাশ সংস্থা রসকসমস-এর প্রধান দিমিত্রি বাকানভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এ রকেটের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।উল্লেখ্য,সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিনের প্রথম মহাকাশ ভ্রমণের ৬৫তম বার্ষিকী উদযাপনের ঠিক আগের দিন এ তথ্য জানিয়েছে রাশিয়া।বাকানভ বলেছেন, ২০১৪ সালের পর রাশিয়ায় তৈরি এটিই প্রথম নতুন ধরনের রকেট।রুশ সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুসারে, বাকানভ বলেছেন, নতুন সয়ুজ- ফাইভ রকেটটি পুরোপুরি প্রস্তুত। কাজাখস্তানের সহযোগিতায় এই যৌথ প্রকল্পটি বাইতেরেক নামে পরিচিত।বর্তমানে রকেটটির প্রতিটি অংশ ও যন্ত্রাংশের পরীক্ষা-নিরীক্ষা চলছে প্রস্তুতি এগিয়ে চলার সঙ্গে সঙ্গে পরীক্ষার অংশ হিসেবে রকেটটিকে এরইমধ্যে উলম্ব বা খাড়াভাবে বসানো হয়েছে বলেও উল্লেখ করেছেন বাকানভ।
পরিকল্পনা অনুসারে, দু’ স্তরের নতুন এ রকেটটি মহাকাশে ১৭ মেট্রিক টন পর্যন্ত ওজন বহন করতে পারবে, যা পুরানো,জেনিত রকেটের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে।









