
শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গিয়ে কূটনৈতিক বিধি মেনেই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইসলামাবাদে শাহবাজ শরিফের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিয়েছেন এস জয়শঙ্কর। সেখানেই দু’জনের মাত্র ২০ সেকেন্ডের সৌজন্য-সাক্ষাৎ হয়।তবে দিল্লি আগেই জানিয়েছিল, এস জয়শঙ্করের এই সফরের সঙ্গে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বৈঠকের কোনও সম্পর্ক নেই। রবিবার পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার বলেছেন, ভারতের বিদেশ মন্ত্রকের থেকে কোনও পার্শ্ববৈঠকের অনুরোধ পাননি।পাকিস্তানও এই মর্মে কোনও আবেদন করেনি। তবে প্রোটোকল অনুযায়ী সব দেশের নেতাদের মতোই ভারতের বিদেশমন্ত্রীকেও স্বাগত জানানো হবে।প্রায় ন’বছর পরে কোনও ভারতীয় বিদেশমন্ত্রী পাকিস্তানে গিয়েছেন। এর আগে ২০১৫ সালে ভারতের তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ আফগানিস্তান নিয়ে একটি সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গিয়েছিলেন।
তারপরের বছর সার্ক-ভুক্ত রাষ্ট্রগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছিল পাকিস্তানে, যোগ দিতে গিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
ছবি : সংগৃহীত








