
সন্ত্রাসবাদ ইস্যুতে চিনের সামনেই এবার পাকিস্তানকে তুলোধোনা করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এসসিও বৈঠকে চিন, পাকিস্তান-সহ অন্যান্য বিদেশমন্ত্রীদের উপস্থিতিতে নাম না করে পাকিস্তানকে একহাত নিয়ে এস জয়শঙ্কর বলেছেন, ভারত সন্ত্রাসবাদকে কোনওভাবেই বরদাস্ত করবে না।
ভারত নিজের মতো করে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থাকে তিন দানব বলে উল্লেখ করেন বিদেশমন্ত্রী। এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থা এই তিন দানবের মোকাবিলা করার লক্ষ্যেই এই সংগঠন তৈরি করা হয়েছিল। পহেলগাঁও জঙ্গি হামলার কথা স্মরণ করিয়ে তিনি বলেছেন, এই তিনটি চ্যালেঞ্জ সর্বদা একসঙ্গেই আসে। জম্মু ও কাশ্মীরের পর্যটনমূলক অর্থনীতিকে দুর্বল করতে এবং ধর্মের ভিত্তিতে দেশে বিভাজন তৈরি করতে পরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয়েছিল।
এই সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানিয়েছিল রাষ্ট্রসংঘ ও এসসিও-এর সদস্যভুক্ত কিছু দেশ। তার জন্য ধন্যবাদ জানান এস জয়শঙ্কর।







