
বর্ষবরণের রাতে বালুরঘাটে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউডের সংগীতশিল্পী জুটি সাচেত ট্যান্ডন, পরম্পরা ঠাকুর।নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজিত এক কনসার্টে গান গাইতে এসে ফ্যানদের উন্মাদনা এক পর্যায়ে রূপ নেয় উগ্র জনতার তাণ্ডবে।
এতে অল্পের জন্য প্রাণে বাঁচলেও শিল্পীদের গাড়িটি ভাঙচুরের শিকার হয়।জানা গেছে,নতুন বছর উদযাপন উপলক্ষে বালুরঘাটে আয়োজিত জমকালো কনসার্টে অংশ নিয়েছিলেন কবীর সিং খ্যাত এই শিল্পী জুটি। অনুষ্ঠান শেষ করে ফেরার পথে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, শত শত মানুষ শিল্পীদের গাড়ি ঘিরে ফেলে।ভিডিওতে আরও দেখা গিয়েছে,উত্তেজিত জনতা চলন্ত গাড়ির ওপর কিল ঘুষি মারতে শুরু করে।এক পর্যায়ে প্রচণ্ড শব্দে গাড়ির পেছনের কাচ ভেঙে গুঁড়িয়ে যায়।গাড়ির ভেতর থেকে আতঙ্কিত কণ্ঠে সাচেত ট্যান্ডনকে ওহ শিট বলতে শোনা যায়।পাশে বসে থাকা পরম্পরা ঠাকুর জনতাকে শান্ত হওয়ার অনুরোধ জানিয়ে বলেন,গাইজ রিল্যাক্স, শান্ত থাকো। তবে তার আহ্বানেও উন্মত্ত জনতা থামেনি।হামলার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়লেও এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিবৃতি দেননি সাচেত ট্যান্ডন ও পরম্পরা ঠাকুর। তবে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন।ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।
অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পশ্চিমবঙ্গে বলিউডের দুই শিল্পীর ওপর এমন হামলা শিল্পীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।উল্লেখ্য, কিছুদিন আগেই সংগীতশিল্পী কৈলাস খেরের কনসার্টেও উন্মত্ত জনতার তাণ্ডবের মুখে মাঝপথেই অনুষ্ঠান বন্ধ করে মঞ্চ ত্যাগ করতে হয়েছিল তাকে।








