
নিয়মিত মডেলিং করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়ার সংখ্যাও কম নয়। তাই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার বলিউডে নাম লেখাবেন,এমন খবর কিছুদিন পরপরই চাউর হয়।এবার সারা নিজেই কথা বলেছেন প্রসঙ্গটি নিয়ে।
সারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি মোটেই ছবিতে অভিনয় করবেন না।এ নিয়ে তাঁর মনে কোনো দ্বিধাদ্বন্দ্বও নেই।সম্প্রতি সারা বলেছেন, তিনি অন্তর্মুখী। ক্যামেরা দেখলে ভয় পান। যতই ছবির প্রস্তাব আসে, সব না করে দেন। কেন না, সারা সত্যিই বিশ্বাস করেন, তিনি কাজের প্রতি সুবিচার করতে পারবেন না। অভিনয় তাঁকে সন্তুষ্টির পরিবর্তে আরও উৎকণ্ঠা তৈরি করবে। অন্যদিকে বিভিন্ন ব্র্যান্ডের প্রচার ও ম্যাগাজিনের শুটে দিব্যি পোজ দেন সারা। কিন্তু অভিনয়ে আপত্তি কেন? এ বিষয়ে বলতে গিয়ে সারা জানিয়েছেন,ফ্যাশন, লাইফস্টাইলে কাজ করেন ক্রিয়েটর হিসেবে। কিন্তু কেবল সেই কাজই নেন, যেটা তাঁর ঠিকঠাক বলে মনে হয়। সব প্রস্তাবেও তিনি হ্যাঁ বলেন না। এদিকে,অভিনয় করুন আর না করুন, সারাকে দেখলেই পিছু নেন আলোকচিত্রীরা। তিনি জানিয়েছেন,এটা তাঁর জন্য অস্বস্তির।কারণ, তিনি বড় হয়েছেন খুব সাধারণভাবে। তাঁর কথায়, তাঁর শৈশবটা ছিল একদম স্বাভাবিক। কলোনির বন্ধুদের সঙ্গে খেলেছেন, ক্লাস করেছেন নিয়ম করে।
তখন পাপারাজ্জি–সংস্কৃতি এতটা বাড়েনি। আর এখন? রেস্তোরাঁ, জিম—সব জায়গায় পাপারাজ্জিরা হাজির। তবে নিজেকে উপস্থাপন করার ক্ষেত্রে সারা টেন্ডুলকার যথাসম্ভব সত্যিকারের তিনি হয়ে থাকার চেষ্টা করেন। বিমানবন্দরের সাজ নয়, যা খুশি, তা–ই পরেন।
