
সইফ আলি খানের বাড়ির সিসিটিভি ফুটেজের ব্যক্তিই ধৃত সন্দেহভাজন শরিফুল ইসলাম শেহজাদ। এমনটাই জানিয়ে দিয়েছে মুম্বই পুলিশ। সইফ আলি খানের উপর হামলার ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে মুম্বই পুলিশ।
১৫ জানুয়ারি রাতে হামলার ঘটনার তিন দিনের মধ্যেই শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার আগে হামলার রাতে অভিনেতার বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে। সেই ব্যক্তি শরিফুল ইসলাম কিনা, তা নিয়ে ধোঁয়াশাও তৈরি হয়েছিল। অবশেষে শুক্রবার মুখমণ্ডলের শনাক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে মুম্বই পুলিশ নিশ্চিত করেছে, সিসিটিভি ফুটেজে যাকে দেখা গিয়েছিল, তিনি শরিফুল ইসলামই। ২৯ জানুয়ারি পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে তাঁর। বর্তমানে তিনি রয়েছেন বিচারবিভাগীয় হেফাজতে।
পুলিশি জেরায় শরিফুল ইসলাম জানিয়েছেন, শুধু অর্থ আদায় করার পরিকল্পনা ছিল তাঁর। কারও ক্ষতি করতে চাননি। তাই পুলিশকে তিনি বাংলাদেশে পৌঁছে দেওয়ার অনুরোধও জানিয়েছেন।
