
ক্যারিয়ারের শুরু থেকে যে ক্লাবে খেলছেন, সেই আর্সেনালে বুকায়ো সাকার পথচলা আরও দীর্ঘ হচ্ছে। লন্ডনের ক্লাবটির সঙ্গে লম্বা সময়ের নতুন চুক্তি করেছেন ইংলিশ উইঙ্গার।
আর্সেনালের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে চুক্তির মেয়াদ অবশ্য জানানো হয়নি। তবে খবর, ২০৩০ সালের জুন পর্যন্ত এই দলে খেলবেন সাকা।আর্সেনালে তার আগের চুক্তিটি শেষ হতো ২০২৭ সালে। আর্সেনালের বর্তমান প্রধান কোচ মিকেল আর্তেতা ২০১৯ সালে দলটির দায়িত্ব নেন। সেই থেকে তার দলে সাকার চেয়ে বেশি মিনিট আর কেউ খেলেননি।উল্লেখ্য আট বছর বয়সে আর্সেনালের একাডেমিতে যোগ দিয়েছিলেন সাকা। এরপর,সময়ের সঙ্গে তিনি নিজেকে গড়ে তোলেন, ২০১৮ সালে প্রথমবার জায়গা করে নেন ক্লাবটির মূল দলে।পরের বছর আর্তেতা দায়িত্ব নেওয়ার পর, দ্রুতই কোচের আস্থা অর্জন করেন তিনি।এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের জার্সিতে ২৯৭ ম্যাচ খেলে ৭৮টি গোল করেছেন এই উইঙ্গার।নতুন চুক্তি করতে পেরে খুব খুশি সাকা। ক্লাব মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ট্রফি জয়ের আশা ব্যক্ত করলেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৪৮ ম্যাচ খেলা বুকায়ো সাকার।এখন পর্যন্ত আর্সেনালের হয়ে কেবল একটি বড় ট্রফিই জিততে পেরেছেন ২৪ বছর বয়সী সাকা, ২০২০ সালের এফএ কাপ। সেই সঙ্গে জিতেছেন ২০২০ ও ২০২৩ সালের কমিউনিটি শিল্ড।
তবে চলতি সিজনে সব ট্রফি জয়ের পথে আছে দলটি।চ্যাম্পিয়ন্স লিগে আট ম্যাচের সবগুলো জিতে নকআউট পর্বে উঠেছে তারা, আর প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।








