
২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে মিশর। কোচ হোসাম হাসানের ঘোষিত দলে প্রত্যাশামতো জায়গা পেয়েছেন অধিনায়ক মোহাম্মদ সালাহ, ওমর মারমুশ, মাহমুদ ত্রেজেগে, ইমাম আশুররা।
আগামী ১১ জুন আমেরিকা,কানাডা ও মেক্সিকোয় শুরু হবে ইতিহাসের প্রথম ৪৮ দলের বিশ্বকাপ। এক আসর বিরতির পর ফুটবলের সবচেয়ে বড় আসরে ফিরছে ফারাওরা। অভিজ্ঞ ও তরুণ ফুটবলারের সমন্বয়ে গড়া দল নিয়ে বড় মঞ্চে চমক দেখানোর স্বপ্ন দেখছে আফ্রিকার দেশটি।গোলপোস্টের নিচে মিশরের প্রধান ভরসা মোহাম্মদ এল শেনাওয়ি। তার সঙ্গে থাকছেন মোস্তাফা শোবিয়ের ও এল মাহদি সোলিমান। রক্ষণভাগে আছেন মোহাম্মদ আবদেলমোনেম, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম ও আহমেদ ফাতুহর মতো পরিচিত মুখ।মধ্যমাঠে দলের নেতৃত্ব দেবেন ইমাম আশুর, মারওয়ান আতিয়া ও নাবিল এমাদ ডোঙ্গা। আক্রমণভাগে সালাহর সঙ্গে থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ সময় কাটানো ওমর মারমুশ, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল ও হাইথাম হাসান।তবে চূড়ান্ত দলে জায়গা হয়নি ওকতাই আবদুল্লাহর।
মিসর ফুটবল ফেডারেশনের পরিচালক ইব্রাহিম হাসান জানিয়েছেন, বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আগামী ৬ জুন ওহাইওতে ব্রাজিলের মুখোমুখি হবে মিশর।বিশ্বকাপের জি গ্রুপে মিশরের প্রতিপক্ষ বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ড। কঠিন এই গ্রুপ পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়াই সালাহদের প্রথম লক্ষ্য।
