
শুরুর একাদশে জায়গা হারিয়েছেন আগেই। ছন্দহীনতার সঙ্গে মুখ ফসকে বিতর্কিত কথা বলে আলোচনায় ছিলেন। সবকিছু মিলিয়ে তীব্র হতাশার মধ্য দিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে তাকে বেঞ্চে রেখে মাঠে নামে আর্নে স্লটের দল।
তবে ব্রাইটনের বিপক্ষে ম্যাচের ২৬ মিনিটে চোট পেয়ে জোসেফ গোমেজ মাঠ ছাড়লে বদলি নামেন সালাহ।এরপর দলের দ্বিতীয় গোলে করেছেন অ্যাসিস্ট। আর তাতেই দারুণ এক রেকর্ডের মালিক হয়ে গেলেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে এখন নির্দিষ্ট কোনো ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা ফুটবলার সালাহ। সর্বাধিক গোল-ইনভলভমেন্টের রেকর্ড নিজের নামে লেখেন। অ্যান ফিল্ডের ক্লাবটির হয়ে ২৭৭টি গোলে অবদান রেখেছেন সালাহ। ১৮৮ গোল এবং ৮৯ অ্যাসিস্ট করে এই তারকা ফরোয়ার্ড ছাড়িয়ে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ওয়েইন রুনিকে। প্রাক্তন ইংলিশ ফরোয়ার্ড ম্যান ইউনাইটেডের জার্সিতে ১৮৩ গোল ও ৯৩টি অ্যাসিস্ট করেছেন।ব্রাইটনের বিপক্ষে বদলি নেমে গোলের সহায়তা ছাড়াও ম্যাচের বাকি সময় দারুণ খেলেছেন সালাহ।গোলের লক্ষ্যে তিনটি শট নিয়েছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। এছাড়া পাঁচটি সুযোগ তৈরি করেছেন। শেষ দিকে গোলও পেতে পারতেন সালাহ। কিন্তু ফেদেরিকো চিয়েসার পাস ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় পেয়ে উড়িয়ে মারেন গত সিজনের গোল্ডেন বুট জয়ী।গোল না পেলেও ম্যাচ শেষে সালাহর মুখে দেখা যায় স্বস্তির হাসি। দর্শকসারি থেকেও দারুণ সমর্থন পান তিনি। গ্যালারিতে অনেকের হাতে ছিল তার নামের জার্সি, কারো হাতে ব্যানার।
গ্যালারির কাছে গিয়ে বেশ কিছুক্ষণ ধরে সমর্থকদের ভালোবাসার জবাবে হাততালি দেন সালাহ।শেষ লিভারপুলের হয়ে পুরো ৯০ মিনিট খেলেছেন ২৭ নভেম্বর পিএসভি আইন্দোভেনের বিপক্ষে। ওই ম্যাচে তাঁর দল হারে ৪-১ গোলে। সালাহ নিজেও ছিলেন নিষ্প্রভ।









