
বত্রিশ বছর বয়সে এসে যেন নিজেকে সেরা রূপে মেলে ধরেছেন মোহামেদ সালাহ। গোল করার পাশাপাশি নিয়মিত সতীর্থদের গোলেও ভূমিকা রেখে চলেছেন তিনি।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বিবেচনায়, প্রতিপক্ষের রক্ষণে তাকেই এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক ও ভয়ঙ্কর বলা যায়। সেই সঙ্গে তার দল কাঙ্ক্ষিত ট্রফি জিততে পারলেই সালাহর ব্যালন দ’র জয়ের স্বপ্ন পূরণ হবে বলে মনে করেন লিভারপুল কোচ আর্না স্লট।পরিসংখ্যানের আলোয় চলতি সিজনে ক্যারিয়ারে সেরা ফর্মে আছেন সালাহ। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপের দৌড়ে লিভারপুলকে সবার চেয়ে এগিয়ে নেওয়ার অভিযানে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৫টি গোল করেছেন তিনি। কেবল গোল করা নয়, গোল করানোতেও সবচেয়ে এগিয়ে মিশরের স্ট্রাইকার, ১৬টি।এছাড়া এবারের নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেছে লিভারপুল। আর লিগ কাপের ফাইনালে উঠেছে তারা।১৯৯৫ সালে প্রাক্তন লাইবেরিয়ান ফুটবলার জর্জ ওয়েহর পর আর কোনো আফ্রিকান ব্যালন দ’র জিততে পারেননি। আর লিভারপুলের হয়ে শেষ বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জিতেছেন মাইকেল ওয়েন, ২০০১ সালে।
ওয়েনের পর থেকে ইংলিশ ক্লাবের হয়ে কেবল দু’জন এই স্বীকৃতি পেয়েছেন, ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ক্রিস্তিয়ানো রোনালদো ও গত বছর ম্যানচেস্টার সিটির রদ্রি।








