
পেশায় তথ্যপ্রযুক্তি সংস্থায় পিওন। মাসে মোটে ১২ হাজার টাকা বেতন পান। ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে মাত্র ১২ টাকা। সেই মানুষটিকে ৩৬ কোটি টাকার নোটিস পাঠিয়েছে আয়কর দফতর। আয়কর সংস্থার এই নোটিস পেয়ে জ্ঞান হারানোর জোগাড় হয়েছে যুবকের। আয়কর দফতরের নোটিসে নাজেহাল অবস্থা হয়েছে জীতেশকুমার মাকওয়ানার।
তিনি গুজরাটের সবরকণ্ঠের রতনপুর গ্রামের বাসিন্দা। তাঁকে পাঠানো নোটিসে বলা হয়েছে, সম্প্রতি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩৬ কোটি টাকার লেনদেন হয়েছে। এই টাকা কোথা থেকে এল, কোথায় লেনদেন হয়েছে, তার জবাবদিহি করতে বলা হয়েছে।
এমন ঘটনায় স্বভাবতই রাতের ঘুম উড়ে গিয়েছে জীতেশকুমারের। তিনি বলেন, ৩৬ কোটি টাকার নোটিশ দেখে স্তব্ধ হয়ে গিয়েছেন। দেরি না করে স্থানীয় থানায় যান জীতেশ। যদিও সমস্যার সমাধান হয়নি।
