
নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিল্লিতে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার ঘটনার তদন্তে নেমে ৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।
সেই মামলাতেই মূল অভিযুক্ত-র আমৃত্যুর কারাবাস, একজনের ২০ বছর এবং বাকিদের ১২ বছরের জেলের নির্দেশ দিয়েছে আদালত। দোষী ৬ জনের মধ্যে ৪ জনই মহিলা। ২০১৭-য জয়নগরের বাসিন্দা শাহজামাল মোল্লা হলদিয়ার বছর ১৬-র মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিল্লি নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। মেয়ে খোঁজ না পেয়ে হলদিয়া থানার নিখোঁজ ডায়েরি করেন পরিবার। এরপর মোবাইল টাওয়ার লোকেশন দেখে দিল্লিতে হানা দেয় তমলুক থানার পুলিশ। সেখান থেকে মূল পাণ্ডা সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। এরপর এত বছর ধরে মামলা চলার পর হলদিয়ার বিশেষ পকসো আদালত রায় দিয়েছে।
রাজ্য পুলিশ নিজেদের এক্স হ্যান্ডেলে দেহ ব্যবসায় বিক্রি কিশোরীকে, দোষীদের কারাদণ্ড শিরোনাম দিয়ে পোস্টে লিখেছে হলদিয়া থেকে আগ্রা, পথে দিল্লি। এভাবেই ২০১৭-র ২৫ অক্টোবর দেহ ব্যবসায় বিক্রি হয়ে যায় ১৬ বছরের এক কিশোরী। দোষীদের ছবি দিয়ে পোস্ট করেছে রাজ্য পুলিশ।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
