বিশ্বজুড়ে বিক্রি বেড়েছে বৈদ্যুতিক গাড়ির

0
117
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

দিন দিন পেট্রোল-ডিজেল কিংবা জ্বালানি গ্যাসচালিত যানবাহনের পরিবর্তে বৈদ্যুতিক যানবাহনের দিকে আগ্রহী হয়ে উঠছেন মানুষ।চলতি বছরের প্রথম তিন মাসেই তার প্রমাণ মিলেছে। বৈদ্যুতিক গাড়ির বিশ্ব বাজার পর্যবেক্ষণকারী সংস্থা রো মোশন এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চের তুলনায় চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে বিশ্বজুড়ে ৪১ লাখ বৈদ্যুতিক গাড়ি।

যা গত বছরের প্রথম তিন মাসের তুলনায় ২৯ শতাংশ বেশি। তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম তিন মাসে সবচেয়ে বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে চীনে, ২৪ লাখ। বিক্রির এই হার গত বছর অর্থাৎ ২০২৪ সালের প্রথম তিন মাসের তুলনায় শতকরা ৫৮ দশমিক ৫ শতাংশ বেশি।এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইউরোপ ও উত্তর আমেরিকা।এই দুই অঞ্চলে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যথাক্রমে ৯ লাখ ও ৫ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে। বাকি ৩ লাখ গাড়ি বিক্রি হয়েছে বিশ্বের অন্যান্য দেশে। ইউরোপে এবং উত্তর আমেরিকাভুক্ত তিন দেশ কানাডা, আমেরিকা ও মেক্সিকোতে বছরের প্রথম তিন মাসে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বেড়েছে যথাক্রমে ২৭ শতাংশ ও ১৬ শতাংশ।উল্লেখ্য ফেব্রুয়ারিতে চীনের সব ধরণের রপ্তানি পণ্যের ওপর ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প।

ফলে আমেরিকাতে চীনা বৈদ্যুতিক গাড়ির দাম বেড়ে যায়।তবে, দাম খানিকটা বাড়লেও তা আমেরিকার বাজারে তেমন প্রভাব ফেলেনি।বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, আমেরিকা তার চাহিদার ৬০ শতাংশ বৈদ্যুতিক গাড়ি অভ্যন্তরীণভাবে উৎপাদন করে। বাকি ৪০ শতাংশ গাড়ির অধিকাংশই আমদানি করে জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকো থেকে। চীন থেকে আমদানির পরিমাণ যেহেতু বেশ কম, তাই চীনা গাড়ির দাম বাড়লেও তা বাজারে তেমন কোনো প্রভাব ফেলেনি।