
মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িতে থাকা অন্যান্য যাত্রীদের ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে বয়ান নেওয়া হয়েছে, গুরুতর এই অভিযোগ করেছেন সিপিএর-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
হুগলিতে সিপিএমের রাজ্য সম্মেলন শেষে মঙ্গলবার সন্ধ্যায় চন্দননগরে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের বাড়িতে যান মহম্মদ সেলিম ও যুব নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়। পুলিশের রেষারেষি তত্ত্বকে নস্যাৎ করে সেলিম জানিয়েছেন, পুলিশ তদন্ত করবে। তার আগেই কী করে জানিয়ে দেয় কী হয়েছিল। একাধিক ঘটনায় এই ধরনের কাজ করছে পুলিশ। বিচারের আগেই বিচারকের মতো রায় শুনিয়ে দিচ্ছে পুলিশ। আনিস খান থেকে শুরু করে আর জি করে তরুণি চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনাতেও একই বিষয় হয়েছে বলে তাঁর দাবি।
অন্যদিকে মিনাক্ষী মুখোপাধ্যায় জানিয়েছেন, দোষীদের শাস্তির দাবিতে, সুতন্দ্রার পরিবারকে আইনি সহায়তা দেবে সিপিএম। পুলিশকে দায়িত্বজ্ঞান বোধ বুঝিয়ে দিতে হবে বলে দাবি করেছেন মিনাক্ষী।
