
গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ হারের দিনে ২৪ লাখ টাকা জরিমানা গুনেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএলের ২৩তম ম্যাচে স্লো ওভার-রেটের কারণে তাকে এ জরিমানা করা হয়।আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই জরিমানার কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসনকে জরিমানা করা হয়েছে কারণ তার দল গুজরাট টাইটান্সের বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি।
এটি চলতি মরসুমে রাজস্থান রয়্যালসের দ্বিতীয় স্লো ওভার-রেটের ঘটনা। এর আগে চেন্নাই সুপার কিংসের বিপক্ষের ম্যাচেও একই কারণে দলের অধিনায়ক রায়ান পরাগকে জরিমানা করা হয়েছিল। তখন পরাগকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। আইপিএলের নিয়ম অনুযায়ী, এক সিজনে দ্বিতীয়বার স্লো ওভার-রেটের জন্য অধিনায়ককে দ্বিগুণ জরিমানা করা হয়।
শুধু অধিনায়ক নন, দলের বাকি খেলোয়াড়দেরও জরিমানা করা হয়েছে। একাদশে থাকা অন্য খেলোয়াড় এবং ইমপ্যাক্ট প্লেয়ারকে ৬ লাখ টাকা অথবা তাদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।আগের সিজনে তিনবার স্লো ওভার রেটের অপরাধ করলে নিষেধাজ্ঞার নিয়ম ছিল।তবে এবার সেই নিয়ম বাতিল করেছে আইপিএল।
