
প্রত্যাশা অনুযায়ী ২০২৫ সালের প্রথম আনপ্যাকড ইভেন্টে নতুন গ্যালাক্সি এস২৫ সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে স্যামসাং।এ সিরিজের স্মার্টফোন চলবে কোয়ালকম চিপ ও গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের মাধ্যমে।
ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ইভেন্টে এআই স্মার্টফোনের এই সিরিজ লঞ্চ-র ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটি।এ আপগ্রেডেড বিভিন্ন এআই ফিচার স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রিকে চাঙ্গা করবে এবং অ্যাপল ও চীনা প্রতিদ্বন্দ্বীদের ঠেকাতেও সহায়ক হবে বলে দাবি করা হচ্ছে। ইভেন্টের শেষে নিজেদের ফ্ল্যাগশিপ বিভিন্ন স্মার্টফোন মডেলের পাতলা ভার্সন-র ঝলকও দেখিয়েছে স্যামসাং, যার লক্ষ্য অ্যাপলের প্রত্যাশিত পাতলা আইফোন চালুর আগে এ বছরের প্রথম দিকে গ্যালাক্সি এস২৫ এজ স্মার্টফোন বাজারে আনা।উল্লেখ্য,এআইচালিত স্মার্টফোন লঞ্চ-র ক্ষেত্রে অ্যাপলের চেয়ে এগিয়ে ছিল স্যামসাং।তবে গত বছর গোটা বিশ্বের স্মার্টফোন বাজারে নিজেদের মুকুট ফিরে পেতে ব্যর্থ হয়েছে কোম্পানিটি। এদিকে প্রিমিয়াম বাজারে মার্কিন প্রতিদ্বন্দ্বী ও স্বল্পমূল্যের চীনা বিভিন্ন স্মার্টফোন কোম্পানির সঙ্গে প্রতিযোগিতার কারণে এমনটি ঘটেছে বলে দাবি। নতুন গ্যালাক্সি এস২৫ সিরিজের স্মার্টফোনের দাম ৭৯৯ ডলার থেকে ১২৯৯ ডলারের মধ্যে রেখেছে স্যামসাং।জানা যাচ্ছে,ডিফল্ট এআই হিসেবে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের দেওয়া জেমিনাই ব্যবহৃত হয়েছে নতুন গ্যালাক্সি এস২৫-এ। পাশাপাশি এতে রয়েছে স্যামসাংয়ের আপগ্রেডেড ইন-হাউস ভয়েস অ্যাসিস্ট্যান্ট,বিক্সবি।
এই দুটি টুল একে অপরের পরিপূরক এবং বিক্সবি স্যামসাং-এর বিভিন্ন প্রোডাক্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব টুল কোম্পানিটির বিভিন্ন প্রোডাক্ট অর্থাৎ মোবাইল ফোন থেকে শুরু করে টিভি ও হোম অ্যাপ্লায়েন্সেও রয়েছে।








